ফাওয়াদ আফজাল খান, ফাওয়াদ খান নামেই সবাই চেনে তাকে। নিঃসন্দেহে সুপুরুষ এক অভিনেতা তিনি। তাকে দেখলে তরুণীদের হৃদ-স্পন্দন বেড়ে যায়, যাওয়াটাই স্বাভাবিক। তবে তার সম্পর্কে অস্বাভাবিক এক তথ্য হল, ১৭ বছর বয়স থেকেই বিয়ের জন্য পাগল-প্রায় হয়েছিলেন তিনি।
ফাওয়াদ নিজ মুখেই জানিয়েছেন, ১৭ বছর বয়সে তার ভবিষ্যত স্ত্রী সাদাফকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। এরপর টানা তিন বছর সমানে বিয়ের প্রস্তাব দিয়ে গেছেন সাদাফকে।
ফাওয়াদের মুখেই শুনে নিন তার বিয়ের জন্য পাগল হওয়ার কাহিনী, 'আমার তখন ১৭ আর তার ১৬। আমার সঙ্গে তার অনলাইনে আলাপ হয়। আমাকে আমার মা-বাবা খুব একটা বাড়ি থেকে বেরুতে দিত না। হয়তো মাসে একদিন বন্ধুদের সঙ্গে বেরুতে পারতাম।'
ফাওয়াদ বলেন, 'তাই আমার বন্ধুরা আমাকে বিভিন্ন মেয়ের খবরাখবর দিত। আমার ছোটবেলার এক বন্ধু সাদাফকে চিনতো। আমি ওর মাধ্যমে সাদাফকে খবর পাঠাই যে, আমি তার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আশ্চর্যজনকভাবে আমি যার সঙ্গে অনলাইনে চ্যাট করেছিলাম আর যার সঙ্গে আমার দেখা হলো তারা এক নয়।'
ফাওয়াদের ভাষ্য, 'সেই সময় আমি 'ডেট' করার উদ্দেশ্যে সেই মহিলার সঙ্গে দেখা করিনি। তবে দেখা করে বুঝলাম, এ সে নয়। পরে অবশ্য সাদাফের সঙ্গে আমার দেখা হয়। এর বেশ কিছুদিন পরে আবার সাদাফের সঙ্গে আমার দেখা হয়। এইবার টিউশান ক্লাসে। একাদশ শ্রেণিতে ওঠার পর আমরা একই টিউশনে ভর্তি হই। সেই সময়ই আমাদের সম্পর্ক শুরু হয়।'
ফাওয়াদ আরও বলেন, 'আমাদের সম্পর্ক শুরু হওয়ার ১০ দিনের মাথায় তাকে ফোন করে বিয়ের প্রস্তাব দিই। আমি তাকে কী বলেছিলাম তার প্রত্যেকটা কথা মনে আছে। তাকে বলি, আমি সারাজীবন তোমার সঙ্গে কাটাতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে?'
'সে কী বললো জানেন? বলল, 'তুমি কি পাগল হয়েছো? আমার মাত্র ১৬ বছর বয়স আর তোমার ১৭। আমি পরের তিন বছরে সমানে তাকে বিয়ে করার কথা বলি। অবশেষে চার বছর পরে সে রাজি হয়।'
ফাওয়াদ ও সাদাফের বিয়ের পর এক পুত্র জন্মায়। সম্প্রতি দ্বিতীয়বার আবার বাবা হয়েছেন ফাওয়াদ। এইবার একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী।
ইত্তেফাক/এএম
