রংপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৩:৪৮
 
রংপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকসহ দুজন মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো ২৫ জন।
 
আজ শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জেলার কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, বাসচালক কুড়িগ্রাম জেলার সুলসার বাজার পাঁচগাছি এলাকার পলাশ ও যাত্রী অনিতা (৩৩)।
 
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী সাদ্দাম এন্টার প্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি দল নিহত ব্যক্তিদের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাস্থলেই বাসচালক পলাশের মৃত্যু হয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে থেকে আরো জানা যায় যে, অন্য আহত যাত্রীকে (অনিতা) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক অনিতাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/আরএ