রবিবার কুমারী পুজা

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ১৭:৩২
 
আজ শনিবার মহাসপ্তমী বিহিত থেকেই মূলত: উত্সবের জোয়ার নামলো পূজায়। আর মাত্র দু’টি দিবানিশির প্রহর পেরুলেই উমার কৈলাশ গমন।’ ঠাকুর থাকবে কতক্ষণ’-এই সুর এখন ভক্ত প্রাণে।
 
কাল শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী। সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এক বালিকার মধ্যে শুদ্ধ নারীর রূপ চিন্তা করে সনাতনধর্মীরা তাকে ‘দেবী’ জ্ঞানে পূজা করবে। কুমারী পুজা কেন করে? শ্রীরামকৃষ্ণের কথামৃতে বলা আছে- সব স্ত্রীলোক ভগবতীর এক-একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশী প্রকাশ।’ প্রথা ও নিরাপত্তার কারণে মেয়েটির নাম এবং পরিচয় পূজা সূচনার পূর্বাব্দী প্রকাশ করা হয় না। সব নারীতে মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার লক্ষ্য। কাল সকালে নির্দিষ্ট কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হবে। ফুলের মালা চন্দন ও নানান অলংকার- প্রসাধন উপাচারে নিপুণ সাজে সাজানো হবে কুমারীকে।
এদিকে দুর্গোত্সবের দ্বিতীয় দিন আজ ছিল মহাসপ্তমী। এদিন ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবীর মহাসপ্তমীবিহীত পূজা অনুষ্ঠিত হয়। পূজাশেষে যথারীতি অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগ আরতির আয়োজন ছিল। বিভিন্ন মন্দিরের পুরোহিতরা জানিয়েছেন, দুর্গাকে বিশেষ রীতি অনুসারে স্নান করানো হয়। দুর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে তা স্নান করানোর পর বস্ত্র ও নানা উপচারে মায়ের পূজা দেয়া হয়। আজ থেকেই মন্দিরগুলোতে দেবী দর্শনের জন্য দর্শনার্থীদের ঢল নামে। হাজারো দর্শনার্থী ঢাকেশ্বরী মন্দির, জগন্নাথ হল, শাঁখারিবাজার, সিদ্ধেশ্বরী, বনানীসহ বিভিন্ন মন্দিরে ভক্তরা মা দুর্গাকে দর্শন ও প্রার্থনায় সমবেত হন। মুখরিত হয়ে উঠে প্রতিটি মন্দির প্রাঙ্গণ।

 
রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে বলা হয়, ‘প্রতিবারের মতো এ বছরও আমরা কুমারী পূজার আয়োজন করেছি। ৫ থেকে ৬ বছরের বালিকাকে সাজানো হবে কুমারী মাতৃকারূপে। মাতৃকাশক্তির বীজরূপা হচ্ছে বালিকা। পুন্যার্থীরা কুমারী মায়ের সামনে প্রার্থনায় সমবেত হবেন। এ উপলক্ষে রামকৃষ্ণ মিশন ও এর আশপাশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে বিশুদ্ধ পঞ্জিকা মতে, পূর্বাহ ৯-৫৮ মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্ত। রাত্রি ১১-৪ গতে সন্ধি পূজা আরম্ভ। আগামীকাল মহানবমী পূজা। নির্ঘণ্ট অনুযায়ী পূর্বাহ ৯-৫৭ মধ্যে শ্রী শ্রী দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্ত। পূজান্তে অঞ্জলি প্রদান দেশ ও বিশ্বশান্তিকল্পে ও মঙ্গলার্থে সমবেত প্রার্থনা।
ইত্তেফাক/এএম।