ভারত শাসিত কাশ্মিরে শুক্রবার রাতে আরো একজন কিশোর নিহত হয়েছে। অঞ্চলটিতে চলমান সহিংস আন্দোলনের সর্বশেষ নিহতের ঘটনা এটি। ভারতের সরকারি হিসাবে এ নিয়ে গত দুই মাসে কাশ্মিরে ৮৯ জন নিহত হল।
পুলিশ বলছে নিহত জুনায়েদ আহমেদের বয়স ১৩ বছর। তবে পরিবারের দাবি, তার বয়স মাত্র ১১ বছর। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ছোঁড়া টিয়ার শেল ও পেলেট গানের গুলিতে সে আহত হয়েছিল। শুক্রবার সকালে শ্রীনগরের সাইদপোরা এলাকায় মিছিলে অংশ নিয়েছিল জুনায়েদ।
এই ঘটনার পর শনিবার শ্রীনগরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শহরের পুরনো অংশে কারফিউ জারি করা হয়। শ্রীনগরে জাতিসংঘের অফিস অভিমুখে স্বাধীনতাকামীদের মিছিল ঠেকাতেই এই কারফিউ দেয়া হয়।
জুনায়েদের জানাজার জন্য লাশ নিয়ে যাওয়ার সময় স্লোগান দেয়ায় ফের টিয়ার গ্যাস চালায় পুলিশ। সূত্র: হিন্দুস্তান টাইমস
ইত্তেফাক/এমএএস
