সাংবাদিকতার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ চাই না : ঢাবি উপাচার্য

আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ২০:৩০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সাংবাদিকতার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ চাই না।
 
শনিবার সন্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিবন্ধকতা : প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক সেমিনার ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
 
অনুষ্ঠানে ঢাবি সাংবাদিক সমিতির (ডুজা) সদ্য বিদায়ী সভাপতি আসিফ ত্বাসীনের সভাপত্বিতে আরো বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন মফিজুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাবি টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক. এ জে এম শফিউল আলম ভুইয়া। অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
ঢাবি  উপাচার্য বলেন, নানা রকম সমস্যা, প্রতিবন্ধকতার মধ্যেও সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করে চলেছে।  এটা প্রসংসার যোগ্য। এই ধারাবাহিকতাকে তিনি অব্যাহত রাখার আহ্বান জানান। উপাচার্য ঢাবি সাংবাদিক সমিতির গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন ও দায়িত্ব হস্তান্তরের জন্য প্রসংসা করেন। 
 
প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং বিষয়। এটা করার জন্য যে ধ্যান-জ্ঞান দরকার সেটি আমরা কার্যত ক্ষেত্রে অনুপস্থিত দেখি। সাংবাদিকতায় নিরপেক্ষ বলে কোনো শব্দ নেই। কিন্তু বস্তুনিষ্ঠতার ক্ষেত্রে আমরা সোচ্চার।’
 
ইত্তেফাক/ইউবি