মার্কিন পপ গায়িকা জেনিফার লোপেজ ও মার্ক অ্যান্টনি ২০০৪ সালে বিয়ে করেছিলেন। কিন্তু দশ বছর পর ভেঙে যায় তাদের বিবাহিত সম্পর্ক। সম্পর্কে আর ফেরা হয়নি তাতে কি, একসঙ্গে অ্যালবাম তো তারা করতেই পারেন! এবার তেমন কাজই করে ফেলছেন গায়িকা জেনিফার লোপেজ ও তার প্রাক্তন স্বামী মার্ক অ্যান্টনি। আর এই অ্যালবামের প্রযোজক হিসেবে রয়েছেন মার্ক। সবকিছু ঠিকঠাক থাকলে এটি হতে যাচ্ছে জেনিফারের দ্বিতীয় স্প্যানিশ অ্যালবাম। এই অ্যালবাম প্রসঙ্গে গায়িকা বলেন, ‘পুরো ব্যাপারটিতে প্রচণ্ড উচ্ছ্বসিত আমি। মার্কের সঙ্গে আবার কাজ করতে পারার আনন্দ বলে বোঝাতে পারবো না। প্রাক্তন প্রেমিকের চেয়ে প্রাক্তন স্বামী বেশি সহযোগী। সেটা আমি অ্যান্টনির সাথে কাজ করে বুঝলাম।’ অ্যালবাম মুক্তি পাবে নভেম্বরে, আপাতত এমন পরিকল্পনা করছেন তারা। মার্কের সঙ্গে বিচ্ছেদের পর ক্যাসপার স্মার্টের সঙ্গে সম্পর্ক করেছিলেন জেনিফার। সেই সম্পর্কেরও ইতি টেনেছেন এই পপ তারকা। বর্তমানে একাই আছেন তিনি। গতবছর একবার গায়িকা বলেছিলেন, সুখী সংসার বলতে যা বোঝায় সেটা মার্কের সঙ্গেই পেয়েছিলেন। এরমধ্যেই প্রাক্তনের সঙ্গে কাজ শুরু করেছেন জেনিফার। তাই অনেকে হয়তো ভাবছেন, পুরোনো সম্পর্কে ফিরে যাচ্ছেন গায়িকা। ভাববেন না-ই বা কেন, হলিউডে এসব তো অসম্ভব কিছু নয়!
