ইন্টার মিলানের সাথে চুক্তি নবায়ন করেছেন স্ট্রাইকার মাওরো ইকারডি। নতুন চুক্তি অনুযায়ী নেরাজ্জুরিদের সাথে আগামী ২০২১ সাল পর্যন্ত তিনি থাকবেন। সম্প্রতি এমন ঘোষণাই দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তিন বছরের মধ্যে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের সাথে বর্তমান চুক্তি শেষ হয়ে যাবার কথা ছিল। কিন্তু সান সিরো চাচ্ছিল অধিনায়ককে আরো দীর্ঘদিন নিজেদের কাছে ধরে রাখতে।
২৩ বছর বয়সী এই আর্জেন্টাইন ২০১৩ সালে সাম্পডোরিয়া থেকে ইন্টারে যোগ দিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১১৪ ম্যাচে করেছেন ৫৮ গোল। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত ইকারডির সাথে ক্লাবের চুক্তি বৃদ্ধি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইন্টার ছেড়ে অন্যত্র চলে যাবার ব্যপারে ইকারদিকে নিয়ে জোর গুজব শুরু হয়েছিল। এর মধ্যে গঞ্জালো হিগুয়েইনের পরিবর্তে ইকারদিকে দলে নেয়ার ব্যপারে নাপোলির নামই বেশি শোনা গিয়েছিল।
এছাড়া এ্যাথলেটিকো মাদ্রিদও তার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলে এজেন্ট ইঙ্গিত দিয়েছেন। তবে পরবর্তীতে ইন্টারই তার ব্যপারে এগিয়ে এসেছে বলে ইকারদি নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এএফপি ও গোল ডটকম
ইত্তেফাক/এমএইচ
