আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। সারা বিশ্বে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১০ অক্টোবর নানা আয়োজনে পালিত হয় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে, দেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা ১৬ ভাগ ও শিশু-কিশোরদের মধ্যে শতকরা ১৮ ভাগ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে।
সম্প্রতি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও স্বাস্থ্য অধিদপ্তরের (এনসিডিসি) উদ্যোগে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ওপর কমিউনিটিতে পরিচালিত এক গবেষণায় প্রাথমিকভাবে দেখা গেছে, মানসিক রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশ্বে বৃদ্ধি পেয়েছে, মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য অসংক্রামক রোগের প্রকোপও। নগরায়ন, আর্থসামাজিক অবস্থা, মানসিক চাপ, বংশগতি ও অন্যান্য শরীরবৃত্তিক কারণ ও মনোসামাজিক কারণ মানসিক রোগের প্রকোপ বৃদ্ধির অন্যতম কারণ।
দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা, বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস। কর্মসূচির মধ্যে রয়েছে— র্যালি, রোড শো, আলোচনা সভা, লিফলেট ও পোস্টার বিতরণ এবং ব্যানার প্রদর্শনী। এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় দিবসের তাত্পর্য তুলে ধরে ক্রোড়পত্র প্রকাশিত হবে। আজ ৯ অক্টোবর রোড শো অনুষ্ঠিত হবে, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
