আপনি এবং আপনার সন্তানেরা মারা যাবেন : ফক্স নিউজ

আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১১:০২
 
ঘূর্ণিঝড় ম্যাথিউ নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে। বিশেষত যুক্তরাষ্ট্রের প্রতিটি টেলিভিশন চ্যানেল জানিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড়টির গতিপথ সম্পর্কে। এই ঝড়ের কারণে এরই মধ্যে হাইতিতে মারা গেছে ৯০০ জনের বেশি মানুষ। আর সেই ঝড়ের গতিপথ নিয়ে আবহাওয়া বিষয়ক আলোচনায় ফক্স নিউজের এক উপস্থাপক একটু বেশিই উত্তেজিত হয়ে পড়েছিলেন। ম্যাথিউ তার গতি পথ পরিবর্তন করে ফ্লোরিডার অভ্যন্তরে গেলে কি ধরণের ক্ষয়-ক্ষতি হতে পারে তার বর্ণনা দিতে গিয়ে দর্শকদের এই উপস্থাপক বলেন, এই ঝড়ে আপনি এবং আপনার সন্তানরা মারা যাবেন।
 
শেপ স্মিথ নামের এই সংবাদ পরিবেশক অবশ্য তার এই উক্তির পরিণাম সম্পর্কে জানতেন না। কিন্তু তার এই উক্তির কারণে বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয় হারিকেন ম্যাথিউ আঘাত হানা অঞ্চলগুলোতে। সেই সঙ্গে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ইউকে ভিত্তিক মিরর জানায়, কোন সন্দেহ নেই  ম্যাথিউ সম্পর্কে সতর্ক করাই ছিল শেপ স্মিথের উদ্দেশ্য। কিন্তু সন্তানরা মারা যাবে বলে যে হুমকি দেয়া হয়েছে তা কখনই নৈতিকভাবে সমর্থন যোগ্য নয়।
 
এদিকে যুক্তরাজ্যের মেট্রো নামক গণমাধ্যম বিষয়টির সমালোচনা করে বলেন, ম্যাথিউ এর সতর্কতা জারির পরও যে সকল ব্যক্তি তাদের ঘর ছেড়ে যাচ্ছিল না তাদের ঘর ছাড়া করার দায়িত্ব শেপ স্মিথ নিজ হাতে নিয়েছেন। সে কারণেই সম্ভবত এমন কথা তার মুখ থেকে বের হয়েছে।
 
ডেইলি সান শেপ স্মিথের এমন বক্তব্যের সমালোচনা করে বলেন, তার এই বক্তব্য মানুষের মনের ভয়কে আরো তীব্র করবে।
 
উল্লেখ্য, ফক্স নিউজে আবহাওয়া বার্তা জানানোর সময় উপস্থাপক শেপ স্মিথ বলেন, যদি আপনি এখনই ঘূর্ণিঝড়ের পথ থেকে সরে না দাঁড়ান, তাহলে বিষয়টা ভাল হবে না। আপনি আপনার পরিচিত সবাইকে হারাবেন। এমনকি আপনার সন্তানেরাও মারা যাবে। মিরর/দ্য সান/ মেট্রো।
 
ইত্তেফাক/আরএ