কোটালীপাড়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১৫

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৫:৩১

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সোমবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নে শিমুলবাড়ী ও কান্দি ইউনিয়নের গৌতেমারাবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিংসাধীন শিমুলবাড়ী গ্রামের রবীন্দ্রনাথ বল্লব (৪০) বলেন, ‘আমরা নির্বাচনে মুজিবুর রহমান হাওলাদারে সমর্থক ছিলাম। সোমবার সকালে বিমল বিশ্বাসের সমর্থক খেজুরবাড়ী গ্রামের রসময় গাইন লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় ১০ জন আহত হয়। এদের মধ্যে সুমন্ত বল্লব (৩৫), জয়দেব গাইন (২৮) রিপন বল্বব (১৯), সন্তোষ গাইন (৪৭), অনিতা গাইনকে (৩০) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।’

অপরদিকে উপজেলা কান্দি ইউনিয়নের গৌতেমারাবাদ গ্রামের নির্বাচিত প্রার্থী বিমল বিশ্বাসের  সমর্থক টিটব বাড়ৈ পরাজিত প্রার্থী মুজিবুর রহমান হাওলাদারের সমর্থক ইন্দ্রভূষণ বিশ্বাসকে (৫০) মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। ইন্দ্রভূষণ বিশ্বাস কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে।

আরও পড়ুনঃ কমলগঞ্জে সিএনজি-অটোরিকশার ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যুতে বিক্ষোভ

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক বলেন, ‘উপজেলা কয়েকটি স্থানে মারামারির কথা শুনে দেরি না করে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। তবে এখন পুরো উপজেলার পরিস্থিতি শান্ত রয়েছে।’

ইত্তেফাক/নূহু