রাজধানীর আজিমপুরে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে গ্রেফতার তিন নারী জঙ্গির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এরা হলেন, আরেফিন প্রিয়তি, আবেদাতুল ফাতেমা ও শায়লা আরফিন।
গত ১০ সেপ্টেম্বর পুরান ঢাকার আজিমপুরে বিজিবি- ২ নম্বর গেটের সামনে একটি বাসার দ্বিতীয় তলায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক জঙ্গি নিহত হয়। এ নারী জঙ্গিদের ছুরিকাঘাতে ও মরিচের গুড়ায় সেদিন পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তিন নারীকে আটক করে পুলিশ। তাদেরকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক সুস্থতা সাপেক্ষে গত শনিবার ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ ওই নারীদের পুলিশের কাছে হস্তান্তর করে।
আজিমপুরে জঙ্গি হামলার ঘটনায় লালবাগ থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রবিবার আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী কমিশনার আহসানুল হক।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা সবাই জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য। তাদের পরিবারের সদস্যরাও সংগঠনের সাথে যুক্ত। ইতিমধ্যে অভিযানে তাদের সাথে আটক হওয়া কিশোর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সংগঠনের উদ্দেশ্য, অন্যান্য সদস্য ও তাদের অবস্থান সম্পর্কে বিশদ তথ্য জানা যাবে। প্রার্থিত রিমান্ড মঞ্জুর করা হোক।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুর নবী প্রত্যেকের ৭ দিন রিমান্ড মঞ্জুর করেন। এ সময় তাদের পক্ষে কোন আইনজীবী ছিলনা।
উল্লেখ্য, আজিমপুরে ওই ঘটনায় নিহত জঙ্গি তানভীর কাদেরীর ১৪ বছর বয়সী ছেলে তাহরীম কাদেরীকে গত ১৮ সেপ্টেম্বর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে গত ২২ সেপ্টেম্বর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
