বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম খান বলেছেন, দেশের মানুষ আজ আর নিরাপদে নেই, সরকার জঙ্গি দমনের নামে দেশের নিরীহ মানুষ হত্যা করছে। তাদের হাত থেকে দেশের বিএনপি নেতাকর্মীরাও বাদ যাচ্ছে না। বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের জেল জুলুম করছে।
আজ রবিবার টাঙ্গাইলের মির্জাপুরে প্রয়াত দানবীর রনদা প্রসাদ সাহার নিজ বাড়িতে পূজা মণ্ডপে পরিদর্শনে এসে এ কথা বলেন।
তিনি বলেন, দেশে সনাতন ধর্মের মানুষ উৎকণ্ঠার মধ্যে তাদের শারদীয়া দুর্গাপূজা উদযাপন করছে। কিন্ত তাদের মনে কোন শান্তি নেই। প্রতিটি ক্ষেত্রে অনিয়ম আর দুর্নীতি ছেয়ে ফেলেছে বর্তমান সরকারের লোকজন। অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।
সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের পর নজরুল ইসলাম বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে একটি ফুলের তোরা কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যাবস্থাপক রাজিব প্রসাদের হাতে তুলে দেন। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজার জেনারেল (অব.) মাহমুদুল হাসান, অ্যাভোকেট আহমেদ আযম খান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কুমার দাস, সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম নয়া, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপিরা সভাপতি ও সাবেক ভিপি মো. হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম তোফা, জাসাসের কেন্দ্রীয় কমিটিরসহ সভাপতি ফিরোজ হায়দার খান ও কোষাধক্ষ শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
