মাদারীপুরের পুকুর রক্ষায় হাইকোর্টের নির্দেশ

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৪:৪৪
 
মাদারীপুরে পুলিশ ফাঁড়ি সংলগ্ন প্রায় দুইশ’ বছরের পুরোনো পুকুর ভরাট বন্ধে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্টে। একইসঙ্গে পুকুর ভরাট কার্যক্রমের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করা হয়েছে।
 
আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
 
মাদারীপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, মাদারীপুর মডেল থানার ওসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
 
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মনজিল মোরসেদ।
 
এর আগে গত ৯ অক্টোবর পুকুরটি রক্ষায় হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে এডভোকেট মনজিল মোরশেদ রিট আবেদনটি দায়ের করেন। ওই পুকুর ভরাট বিষয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত একাধিক প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়। -বাসস
 
 
ইত্তেফাক/কেকে