ইয়েমেনের রাজধানী সানায় রাস্তায় হাজার হাজার মানুষ সৌদিবিরোধী বিক্ষোভ দেখিয়েছে। গত শনিবার সকালে এক বিদ্রোহী নেতার বাবার শেষকৃত্য অনুষ্ঠানে বিমান হামলায় ১৪০ জন নিহত হওয়ার পর সৌদিবিরোধী মনোভাব জোরদার হয়েছে দেশটিতে।
এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে সোমবার সানায় জাতিসংঘ দফতরের সামনে বহু মানুষ বিক্ষোভ দেখায়। এর জন্য সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীকে দায়ী করছেন তারা। সানা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।
তবে শেষকৃত্যানুষ্ঠানে বোমা বর্ষণের কথা অস্বীকার করেছে সৌদি আরব। দায় স্বীকার না করলেও এর তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। গত বছর ইয়েমেনের গৃহযুদ্ধে অংশ নেয় দেশটি। হুতি বিদ্রোহী ও সরকারের মধ্যে চলমান এই যুদ্ধে ইয়েমেন সরকারের পক্ষ নিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
বিদ্রোহীদের সমর্থনকারী ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ দেশবাসীকে এই হামলার প্রতিশোধ নেয়ার আহ্বান জানিয়েছেন। সৌদি সীমান্তে গিয়ে সেনাদের ওপর হামলা চালানোর আহ্বান জানান তিনি। সূত্র: বিবিসি
ইত্তেফাক/এমএএস
