ইন্দোর টেস্টের তৃতীয় দিন অশ্বিনের

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৮:২৩
ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনটি নিজের করে রাখলেন ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সোমবার ৮১ রানে ৬ উইকেট নিয়েছেন তিনি। ফলে প্রথম ইনিংসে ২৯৯ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে কিউইরা। 
 
কিন্তু প্রতিপক্ষকে ফলো-অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে বিনা উইকেটে ১৮ রান তুলেছে ভারত। লিড ২৭৬ রানের। প্রথম ইনিংসে ৫৫৭ রানে ইনিংস ঘোষণা করেছিলো টিম ইন্ডিয়া। ভারত প্রথম ইনিংস ঘোষণার পর দ্বিতীয় দিন বিনা উইকেটে ২৮ রান তুলে দিন শেষ করেছিলো নিউজিল্যান্ড। তৃতীয় দিনের শুরু থেকে ব্যাট হাতে সেরাটাই দিয়ে যাচ্ছিলেন দুই ওপেনার টম লাথাম ও মার্টিন গাপটিল। ফলে দু’জনই তুলে নেন হাফ-সেঞ্চুরি। তাতে দলের স্কোর বিনা উইকেটে শতরানের কোটা পেরিয়ে যায়। 
 
দলের স্কোর শতরানের কোটা পার করিয়েও সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন লাথাম ও গাপটিল। কিন্তু দলীয় ১১৮ রানে লাথামকে ফিরিয়ে দিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন অশ্বিন। ৫৩ রান করে আউট হন লাথাম। এরপর ১৪৮ রানে পৌঁছাতে আরও ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। এর মধ্যে ৩ উইকেটই ছিলো অশ্বিনের। ৭২ রান করা গাপটিলও শিকার হন অশ্বিনের। 
 
হঠাৎ বিপর্যয়ের পর মিডল-অর্ডারে দলের হাল ধরেন জেমস নিশাম। তাকে ছোট ছোট ইনিংসের মাধ্যমে সহায়তা দেন বিজে ওয়াটলিং, মিচেল স্যান্টনার ও জিতান প্যাটেল। ফলে ফলো-অন এড়ানোর স্বপ্ন দেখে নিউজিল্যান্ড। কিন্তু ওয়াটলিং ও স্যান্টনারকে তুলে নিয়ে কিউইদের সেই স্বপ্নে বাধা সৃষ্টি করেন রবীন্দ্র জাদেজা। ওয়াটলিং ২৩ ও স্যান্টনার ২২ রানে ফিরেন।
 
আর শেষদিকে নিশাম ও ট্রেন্ট বোল্টের উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে ২৯৯ রানেই গুটিয়ে দেন অশ্বিন। এতে ফলো-অনেও পড়ে সফরকারীরা। ৭১ রান করা নিশামকে ফিরিয়ে দিয়ে টেস্ট ক্যারিয়ারে ২০তম বারের মত ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট শিকার করলেন অশ্বিন। নিউজিল্যান্ডের বিপক্ষে এই নিয়ে পঞ্চমবার এমন কীর্তি গড়েন তিনি।
 
২৫৮ রানে নিউজিল্যান্ডকে ফলো-অন না করিয়ে ব্যাট হাতে নেমে বিনা উইকেটে ১৮ রান তুলে দিন শেষ করেছে ভারত। মুরালি বিজয় ১১ ও চেতেশ্বর পূজারা ১ রানে অপরাজিত আছেন। ৬ রান করে ঘাড়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ওপেনার গৌতম গম্ভীর। ক্রিকইনফো।
 
ইত্তেফাক/এসএসএ