চীনে ৪ ভবন ধসে নিহত ৮

আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ১৮:২৪
চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং প্রদেশের ওয়েনঝু এলাকায় চারটি ভবন ধসে সোমবার ভোরে আট জন নিহত হয়েছে। লুচেং জেলার গভর্নর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর জানিয়েছেন। এছাড়া স্থানীয় এক সরকারি কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। খবর এএফপি ও এক্সপ্রেস ট্রিবিউনের।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, ধসে পড়া ভবন থেকে আটজনকে মৃত ও পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনো কেউ নিখোঁজ আছে কিনা সে সম্পর্কে শেষ খবর পাওয়া পর্যন্ত কিছু জানা যায়নি।
 
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখনো কতজন লোক ধ্বংস স্তূপের ভেতরে আটকা পড়েছে সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এর আগে বলা হয়েছিল, ২০ জন ধ্বংস স্তূপের নিচে চাপা পড়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
 
গত মে মাসে গুইঝোউ প্রদেশের একটি আবাসিক ভবন ধসে ১৬ জন প্রাণ হারায়। এপ্রিল মাসে ফোশান নগরীর একটি খুচরা মার্কেট ভবন ধসে পড়লে ২ জনের মৃত্যু ও ২৪ জন আহত হয়। চীনে এর আগে যে সব ভবন ধস হয়েছিল তার পিছনে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠে।
ইত্তেফাক/এমএএস