ভ্যাটিক্যানে পোপ নির্বাচনে ভোট দিবেন বাংলাদেশের আর্চবিশপ রোজারিও

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৭:৫০
বাংলাদেশে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু আর্চবিশপ প্যাট্রিক ডি রোজারিওকে কার্ডিনাল মনোনীত করেছেন পোপ ফ্রান্সিস। এর ফলে পরবর্তী পোপ নির্বাচনে রোজারিও ভোট দিতে পারবেন। তিনিসহ আরো ১৭ জনের নাম ঘোষণা করা হয়েছে কার্ডিনাল হিসাবে। গত রবিবার ভ্যাটিকান রেডিওতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গতকাল সোমবার অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও এ খবর প্রকাশিত হয়।
 
১৯৪৩ সালে বরিশালে জন্ম নেয়া প্যাট্রিক ডি রোজারিও ছাড়া নির্বাচিত অন্য ১৬ জন ইতালি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, স্পেন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভেনিজুয়েলা, মরিশাস, মেক্সিকো, বেলজিয়াম, মালয়েশিয়া, লেসাথো, পাপুয়া নিউগিনি ও আলবেনিয়ার নাগরিক। এর মধ্যে ইতালি থেকে দুইজন এবং যুক্তরাষ্ট্রের তিনজন কার্ডিনাল হয়েছেন। কার্ডিনালদের মধ্য থেকে পোপও নির্বাচিত হয়।
 
আগামী ১৯ নভেম্বর তারা আনুষ্ঠানিকভাবে কার্ডিনাল হিসেবে অভিষিক্ত হবেন। এই কাডির্নালদের মধ্য থেকে যাদের বয়স ৮০ বছরের নিচে, তারা পোপ নির্বাচনে ভোট দিতে পারেন। নতুন কার্ডিনালদের মধ্যে রোজারিওসহ ১৩ জনের বয়স ৮০ বছরের নিচে। আর অন্য চার কার্ডিনালের বয়স ৮০ বছরের বেশি। প্যাট্রিক ডি রোজারিও ২০১১ সালে ঢাকার আর্চবিশপ নিযুক্ত হন। ১৯৭২ সালে তিনি ফাদার বা পুরোহিত হন। ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি রাজশাহীর এবং ১৯৯৫ থেকে ২০১১ সাল পর্যন্ত চট্টগ্রামে বিশপের দায়িত্ব পালন করেন।
 
ইত্তেফাক/এএন