থাইল্যান্ডের রাজা ভুমিবলের অবস্থা সংকটাপন্ন

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ০১:০১
বিশ্বের সবচেয়ে বেশি দিন রাজসিংহাসনে থাকা থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলিয়াদেজের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। রবিবার থাই রাজপ্রাসাদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। প্রাসাদের কর্মকর্তারা জানিয়েছে, রাজার রক্ত পরিবর্তন করা হচ্ছে। রক্ত দেওয়ার পর তা আড়াই ঘন্টার বেশি শরীরে থাকছে না। ৮৮ বছর বয়সী রাজার রক্তচাপও কমে গেছে।
 
গত কয়েক বছর ধরেই রাজা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। থাই জনগণ রাজাকে প্রায় দেবতার মতো সম্মান করে এবং তাকে দেশটির রাজনৈতিক বিবাদ মেটাবার ক্ষমতাসম্পন্ন বলে মনে করেন। গত বছর পিত্ত থলি অপসারণের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সাত মাস হাসপাতালে থাকার পর গত বছরের ১০ মে তিনি হুয়া হিনের বাড়িতে ফিরে গিয়েছিলেন। তারপর থেকে জনসম্মুখে তার উপস্থিতি বিরল ছিল। রাজাকে থাইল্যান্ডের স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। দেশটির আইনে রাজা বা রাজপরিবারের সমালোচনা করা নিষিদ্ধ। - ব্রিটিশ টেলিগ্রাফ
 

ইত্তেফাক/এএন