বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে কোন ধর্ম বিদ্বেষ নেই। সোমবার রাতে ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া মিহির লাল সাহার মাঠ পূজা মণ্ডপ পরিদর্শন কালে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছিলাম। সেই স্বাধীন দেশকে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।
এ সময় বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ আরো বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা-উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছে। আমরা বাংলাদেশকে একটি জঙ্গি মুক্ত দেশ গড়বো। এই দেশে জঙ্গিবাদের কোনো আস্তানা থাকবে না।
তিনি বলেন, আমরা শান্তি প্রিয় মানুষ আমরা দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে কাউকে দেবো না।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
ইত্তেফাক/আরএ
