১২ বছরেও সৈয়দপুরে আওয়ামী লীগের সম্মেলন হয়নি, কর্মীরা হতাশ

আপডেট : ১১ অক্টোবর ২০১৬, ১৫:৪৭
দীর্ঘ এক যুগেও নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। তাই নতুন নেতৃত্ব সৃষ্টি না হওয়ায় রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি বাস্তবায়নে স্থবিরতা নেমে এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ এ উপজেলায় ২০০৪ সালে আওয়ামী লীগের সম্মেলন হয়েছিল।
 
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা আওয়ামী লীগের একাধিক কর্মীর অভিযোগ, স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতাদের কাছে বারবার ধর্না দিলেও সম্মেলন করার ব্যাপারে তারা কোনো কার্যকরী ভূমিকা রাখছেন না।
 
তারা আরো অভিযোগ করেন, সামনে জাতীয় কাউন্সিল। এর আগেই জেলা-উপজেলা ও পৌর কমিটিগুলোর সম্মেলন সম্পন্ন করতে কেন্দ্র থেকে বহুবার তাগাদা দেয়া হয়েছে। কিন্তু সম্মেলন হলে ক্ষমতা হারাতে পারেন এমন মনস্তাত্ত্বিক চেতনা থেকেই  স্থানীয় নেতারা এ ব্যাপারে নিষ্ক্রিয় রয়েছেন।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন বাদল বলেন, ‘দলকে চাঙ্গা রাখতে কাউন্সিল জরুরি। তবে ২২ থেকে ২৩ অক্টোবর কেন্দ্রীয় কাউন্সিলের আগে উপজেলা কমিটির সম্মেলন সম্পন্ন করা অসম্ভব। এর জন্য যে প্রস্তুতি প্রয়োজন তা আমাদের নেই। তবে পদের লোভে কাউন্সিল হচ্ছে না, এ অভিযোগ সঠিক না।’
 
ইত্তেফাক/এএসএমইউ