রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, 'কারবালার শোকাবহ ঘটনার স্মৃতিতে ভাস্বর পবিত্র আশুরার শাশ্বত বাণী আমাদেরকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে, প্রেরণা যোগায় সত্য ও সুন্দরের পথে চলার।'
আগামীকাল পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
পবিত্র আশুরার মহান এ শিক্ষা আমাদের সকলের জীবনে প্রতিফলিত হোক রাষ্ট্রপতি এ প্রত্যাশাও করেন। কারবালা প্রান্তরে শাহাদতবরণকারী মহানবী হযরত মুহম্মদ (সা.) দৌহিত্রসহ সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মো. আবদুল হামিদ বলেন, 'পবিত্র আশুরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকের দিন।'
তিনি বলেন, 'সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হযরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ এ দিনে বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালায় শহিদ হন।'
ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম উল্লেখ করে তিনি বলেন, 'এখানে হানাহানি, হিংসা, দ্বেষ বা বিভেদের কোন স্থান নেই।' পবিত্র আশুরার এই দিনে তিনি সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
