তিন ম্যাচের সিরিজ। দুই ম্যাচ শেষে সিরিজের স্কোরলাইন ১-১। সিরিজের শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে অলিখিত ‘ফাইনালে’। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বুধবার সিরিজ জয়ের টার্গেটে তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দুপুর আড়াইটায় শুরু হবে দিবা-রাত্রির ম্যাচটি। জিটিভি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
চট্টগ্রামে আজ দু’দলের উদ্দীপ্ত হওয়ার জন্য ১-১ স্কোরলাইন যথেষ্ট বড় উপাদান বলে গণ্য হওয়ার কথা। কিন্তু বাস্তবতা হলো, সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বাংলাদেশ-ইংল্যান্ড শিবিরে বারুদ ছড়িয়ে দিচ্ছে দ্বিতীয় ওয়ানডের ঘটনাপ্রবাহ। রবিবার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের আউটে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতিক্রিয়া ও ম্যাচ শেষে তামিম ইকবাল-বেন স্টোকসের বিবাদই উসকে দিচ্ছে বিতর্ক।
তবে সেই বিতর্কও আজ ২২ গজের লড়াইয়ে প্রভাব ফেলার সুযোগ পাবে কিনা তা নির্ভর করছে প্রকৃতির খেয়ালি আচরণের উপর। কারণ গতকাল সকাল থেকে বৃষ্টি হানা দিচ্ছে চট্টগ্রামের আকাশে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত ছিল দিনভর। এদিকে ওয়েদার ডটকম তাদের আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, আজ সারাদিনে চট্টগ্রামে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ৮২ ভাগ। সন্ধ্যার পর সম্ভাবনা ৭৭ ভাগ। আবহাওয়ার এই চোখ রাঙানির কারণে কার্টল ওভারের ম্যাচের প্রস্তুতিও রাখতে হচ্ছে দু’দলকে।
বৃষ্টির ভাবনা মাথায় রেখেই তাই ম্যাচের ছক কষতে হচ্ছে দু’দলকে। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেছেন, ‘বৃষ্টি তো অবশ্যই চিন্তার ব্যাপার। কালকে (আজ) আবহাওয়া কেমন থাকবে বা কি হবে, সেটা ভাবতে হবে। তবে এখনই বোঝা বা সিদ্ধান্ত নেওয়া কঠিন।’
ইনিংসের মাঝপথে বৃষ্টি মুহূর্তে বদলে দিতে পারে ম্যাচের দৃশ্যপট। মাশরাফির সেটি নিয়েও ভয় আছে। তিনি বলেন, ‘বৃষ্টি হলে টস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। খেলা চলার সময় বৃষ্টি হতে থাকলে আবার বন্ধ হলে, নানা ক্যালকুলেশন করতে হয়। এটা দুই দলের জন্যই বিরক্তির। এখনও আমরা সমতায় আছি। যদি এরকম চলতে থাকে, ঠিক সিদ্ধান্ত নিতে হয়, গুরুত্বপূর্ণ সময়ে যারা ঠিক সিদ্ধান্ত নেবে, ম্যাচ হয়ত তাদের দিকে হেলে পড়বে।’
সাগরিকার মাঠ বাংলাদেশের জন্য লাকি গ্রাউন্ড। এই মাঠে ১৬ ম্যাচ খেলে ১০টি তেই জিতেছিল বাংলাদেশ। এখানে সর্বশেষ ম্যাচেও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতেছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানো বাংলাদেশ আজ সিরিজ জয়ের নেশায় মাঠে নামবে। মাশরাফি জানিয়েছেন, ‘আমরাও জিততে অবশ্যই মরিয়া থাকব। আমরা এখানে খেলতেই এসেছি। আমাদেরও চেষ্টা থাকবে জেতার। তবে যদি বাইরের কিছু নিয়ে কেউ জিততে চায়, আমি বলব সে ফ অপ্রয়োজনীয় চাপ নেওয়া হবে। আমি মনে করি, আমাদের খেলাটা নরম্যাল খেলতে পারলেই হবে। অন্য কিছু ভাবছি না।’
সাগরিকায় ২০১১ বিশ্বকাপে ইংলিশদের হারিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডের সঙ্গে ১৮ ম্যাচ খেলে ৪টি জয় আছে টাইগারদের। আজ পঞ্চম জয়টাও বগলদাবা করতে মুখিয়ে মাশরাফির দল। তাছাড়া টানা সাত ওয়ানডে সিরিজ জয়ের অনন্য মাইলফলক স্পর্শ করার সুযোগও আজ উদীপ্ত করবে সাকিব-তামিমদের।
বৃষ্টির কারণে আজ ম্যাচে টস হতে পারে গুরুত্বপূর্ণ। মোশাররফ হোসেন রুবেলের বদলে দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। কারণ অনাকাঙ্খিত ইনজুরি ছাড়া উইনিং কম্বিনেশনটাই ধরে রাখার কথা বাংলাদেশের। বৃষ্টিতে কভারে ডাকা পিচ বোলারদেরই সাহায্য করার কথা।
ইত্তেফাক/এএন
