রাজশাহীর গোদাগাড়ীতে ছাত্রীর সঙ্গে শিক্ষকের অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ায় উত্তাল হয়ে উঠেছে বালিয়াঘাট্টা গ্রাম। উপজেলার গুলগোফুর বালিকা মহাবিদ্যালয়ের সহকারী শিক্ষক লম্পট ময়েন উদ্দিনের বিচার দাবিতে ফুঁসে উঠেছে গ্রামবাসী। তারা ওই শিক্ষকের বরখাস্তের দাবিতে প্রতিবাদ-সমাবেশ অব্যাহত রেখেছেন।
শিক্ষকের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার সকালে বালিয়াঘাট্টা গ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে অনুষ্ঠিত ওই মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতারুল হক, বাসুদেবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ইউপি সদস্য মোখলেসুর রহমান, সমাজসেবক শামসুল করিম প্রমুখ। এ সময় তারা ওই লম্পট শিক্ষকের কঠোর শাস্তির পাশাপাশি চাকরি থেকে বরখাস্তেরও দাবি জানান। সম্প্রতি শিক্ষক ময়েনের ল্যাপটপ থেকে অশ্লীল ওই ভিডিওটি বাইরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, ময়েন উদ্দিনের ভিডিও ফুটেজে কলেজের একাদশ প্রথম বর্ষের যে শিক্ষার্থীকে দেখা যাচ্ছে এসএসসি পরীক্ষার আগেও ওই ছাত্রী তার কাছে প্রাইভেট পড়তেন। ভিডিওটি সে সময় ধারণ করা। ওই ছাত্রীর বিয়ের পর সম্প্রতি ভিডিওটি বাইরে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা আরও জানান, ওই ছাত্রী তার স্বামীর সঙ্গে ঢাকায় থাকতেন। ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে কয়েকদিন আগে তিনি আত্মহত্যার চেষ্টা চালান। এরই মধ্যে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদও হয়ে গেছে ওই ছাত্রীর। বর্তমানে ওই ছাত্রী তার বাবার বাড়িতেই অবস্থান করছেন।
স্থানীয়রা জানাচ্ছেন, ঘটনার পর থেকেই শিক্ষক ময়েন গা-ঢাকা দিয়েছেন। স্থানীয় একটি প্রভাবশালীমহল তাকে রক্ষার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।
ইত্তেফাক/এএন
