১৫ মিনিট কুমিরের সঙ্গে

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ০৯:১১
 
মৃত্যুর খাঁচা! ১৫ মিনিট পানির নিচে খাঁচাবন্দী অবস্থায় থাকতে হবে। জীবনে এক বিরল অভিজ্ঞতার সাক্ষী থাকা। কিন্তু এখনও পর্যন্ত এই খাঁচায় কেউ মারা যায়নি। আর এই কেজ অফ ডেথ বা মৃত্যুর খাঁচাই পর্যটকদের টানছে অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরির ডারউইন শহরে। তবে দুর্বলচিত্ত পর্যটকদের সেখানে যেতে নিষেধ আছে।
 
কারণ অবশ্য স্বাভাবিক! ১৫ মিনিট ওই খাঁচাবন্দী থাকাকালীন পর্যটকদের প্রত্যক্ষ করতে হবে ১৬ ফুটের কুমিরকে। প্রতি ২ কিলোমিটারে কমপক্ষে একটি বড় কুমির চোখে পড়বেই। এই কারণেই মেরি নদীটি ‘কুখ্যাত’ হিসেবে পরিচিত। এই নদী সংলগ্ন শহর হল ডারউইন। মাত্র ১০০ কিলোমিটারের দূরত্ব। আর এখানেই গড়ে উঠেছে ক্রোকোসরাস কোভ। 
 
কুমিরদের নিয়ে একটা পার্ক। এখানে কুমির সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের জন্য রয়েছে কেজ অফ ডেথ। নোনা পানির হিংস্র কুমিরের সামনে খাঁচাবন্দী অবস্থায় ছেড়ে দেওয়া হয় পর্যটকদের। মৃত্যুর মুখে না পড়লেও, ১৬ ফুটের বিশালাকার কুমির দেখে বুক কাঁপাটা স্বাভাবিক। কিন্তু অন্য পরিস্থিতি সৃষ্টি যাতে না হয় তার জন্য প্রস্তুত থাকে পার্ক কর্তৃপক্ষ। নির্দিষ্ট বয়সীদের প্রশিক্ষণের পরই সেখানে প্রবেশ করতে হয়। পার্কে প্রবেশ মূল জন প্রতি প্রায় ১২ হাজার টাকা (বাংলাদেশি মুদ্রায়)।