মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ০৯:৩২
মেক্সিকোর সংঘাতপূর্ণ তামাউলিপাস রাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দু’জন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
 
এক বিবৃতিতে বলা হয়, এটি একটি পর্যবেক্ষণ হেলিকপ্টার ছিল। যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী এ রাজ্যের রাজধানী সিউদাদ ভিক্টোরিয়ার আট কিলোমিটার পূর্বে পর্যবেক্ষণ করার সময় এটি বিধ্বস্ত হয়।
 
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ জানা যায়নি।
 
হেলিকপ্টারটিতে দু’জন পাইলট ও একজন সেনা কর্মকর্তা ছিল। এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া কো-পাইলটকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়েছে।
 
উল্লেখ্য, তামাউলিপাস হচ্ছে মেক্সিকোর সংঘাতপূর্ণ রাজ্যগুলোর অন্যতম। এর আগে গত সেপ্টেম্বরে মেক্সিকোর মিচোয়াকান রাজ্যে পুলিশ বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়। এএফপি
 
ইত্তেফাক/এমএইচ