শ্যামনগর উপজেলায় দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ ২৮ নং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুষ প্রসাদ মন্ডল ও শিক্ষক পরিমল কুমার কর্মকারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজজামান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ২৮ নং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে গত ২১ মার্চ বিধিমতে মৌখিক পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়। পরীক্ষা শেষে মেধার বিচার না করে গোপনে ৮ লাখ টাকার বিনিময়ে জয়দেব সরকারকে নিয়োগ দেওয়া হয়। শিক্ষক পরিমল কুমার কর্মকারের মাধ্যমে ৮ লাখ টাকা লেনদেন হয় বলে অভিযোগে তিনি উল্লেখ করেন।
শিক্ষক পরিমল কর্মকারের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে চাইলে স্কুলের প্রধান শিক্ষককে ঘুষ নেওয়ার বিষয় দায়ী করেন। এর বেশি কিছু বলতে চাননি তিনি।
২৮ নং কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুষ প্রসাদ মন্ডলের মোবাইলে একাধিকবার কল করা হয় তার সঙ্গে এ ব্যাপারে কথা বলার জন্য। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
আরও পড়ুনঃ প্রতিহিংসার রাজনীতি নেই বলেই মানুষ আওয়ামী লীগে যোগ দিচ্ছে: তোফায়েল
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগ কমিটির সভাপতি মোঃ কামরুজজামান অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, ‘উপজেলা শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে।’
ইত্তেফাক/নূহু
