ইয়েমেনে ‍যুক্তরাষ্ট্রের মিসাইল হামলা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৩:১৩
নিজেদের যুদ্ধজাহাজ থেকে ইয়েমেনে মিসাইল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার তাদের নৌবাহিনীর ডেস্ট্রোয়ার থেকে হাউতি নিয়ন্ত্রিত উপকূলীয় রাডারে তিনটি মিসাইল ছোঁড়া হয় বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
 
দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে প্রথমবারের মতো হাউতি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালালো যুক্তরাষ্ট্র।  এর আগে ইয়েমেনে সীমানায় মার্কিন যুদ্ধজাহাজ ঢুকে পড়ার পর জাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক মিসাইল ‍ছুঁড়ে ইয়েমেন।
 
মূলত সেই হামলার আত্মরক্ষা হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন পেন্টাগনের মুখপাত্র পিটার কুক। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সেনা কর্মকর্তা জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর চারটায় টমহক মিসাইল ছোঁড়া হয়।
 
তিনি বলেন, রাস ইসা, মুখার দক্ষিণাঞ্চলে এবং খোকার কাছে এই হামলা চালানো হয়। রয়টার্সকে মার্কিন কর্মকর্তারা জানান, হাউতি সেনাদের বিরুদ্ধে এই হামলা চালানো হয়।
 
পরবর্তীতে যেকোনো হামলার জন্য সতর্ক করে দিয়েছে পেন্টাগন। কুক বলেন, যেকোনো হুমকির জবাব দিবে যুক্তরাষ্ট্র। রয়টার্স
 
ইত্তেফাক/এমএইচ