শনিবার জাতীয় জাদুঘরে রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৪:৫৪
রাজধানীর জাতীয় জাদুঘরে রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টান। শনিবার সন্ধ্যায় ছয়টায় শুরু হতে যাওয়া এই আয়োজনের মূল শিল্পী থাকবেন লিলি ইসলাম।
 
লিলি ইসলাম বাংলাদেশের প্রথম সারির রবীন্দ্র সঙ্গীত শিল্পীদের একজন। তিনি শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্র সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন। কিংবদন্তী সঙ্গীতশিল্পী কনিকা বন্দোপধ্যায় ও নীলিমা সেনের কাছ থেকে সঙ্গীতের দীক্ষা নিয়েছেন লিলি ইসলাম।
 
এছাড়া বাংলাদেশের সব টিভি চ্যানেলেই নিয়মিত অনুষ্ঠান করেন এই শিল্পী। তিনি রবীন্দ্রসঙ্গীতের আধুনিকায়নের উপর গবেষণা করে আইসিসিআর স্কলারশিপ পেয়েছেন।
 
এছাড়া তিনটি অডিও ক্যাসেট, ১২ টি সিডি ও একটি ভিডিও সিডি বের করেছেন তিনি। রবীন্দ্র সঙ্গীত নিয়ে ঐতিহাসিক সংগ্রহ ‘শ্রুতি গীতবিতানে’ কণ্ঠ দিয়েছেন লিলি ইসলাম। গুণী এই সঙ্গীতশিল্পী সাংস্কৃতিক সংগঠন উত্তরায়ন এর প্রতিনিধিদলের নেতা হিসেবে ভারত সফর করেছেন।
 
বাংলাদেশ ছাড়াও ভারত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, লন্ডন, দুবাইসহ বিশ্বের বিভিন্ন স্থানে গান গেয়েছেন তিনি। দেবব্রত বিশ্বাস স্মৃতি পুরস্কার, সিটিসেল চ্যানেল আই পুরস্কার, আজকাল পত্রিকা সংস্কৃতি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এই গুণী শিল্পী।
 
ইত্তেফাক/এমএইচ