ফেনীর পরশুরামের বিরোধপূর্ণ দীর্ঘদিনের মুহুরীর চর সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার পরশুরাম সীমান্তের মজুমদার হাট বিজিবি ক্যাম্প ও মুহুরীর চরের বিরোধপূর্ণ এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে বিরোধপূর্ণ জায়গা চিহিৃত করে সীমানা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত যতগুলো চুক্তি সম্পন্ন হয়েছে তার প্রায় সবগুলোই বর্তমান সরকারের আমলে অগ্রগতি হয়েছে।
সীমান্তে বাংলাদেশীদের হত্যা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সফরে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী রাজনাথ শিংয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। এটিও বন্ধ হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব দীপক চক্রবর্তী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহম্মেদ চৌধুরী সাজেল, সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম খোকন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
