আওয়ামী লীগের সম্মেলন সারা জাতিকে নাড়া দেয়: আশরাফ

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৯:৩৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগের সম্মেলন সব সময় বিশাল হয় এবং সারা জাতিকে নাড়া দেয়। এবার আরও উত্সবমুখর পরিবেশে এই সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি। এবারের সম্মেলন অতীতের যেকোন সময়ের চেয়ে বেশি সফল ও ঐতিহাসিক হবে।’
 
বৃহস্পতিবার বিকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়। 
 
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের ২০তম কাউন্সিল যেন সুষ্ঠু হয়, সেটা নিশ্চিত করতে চাই। আপনারা জানেন, এ সময় চীনের রাস্ট্রপতি শি জিনপিং রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসছেন। সুতরাং আওয়ামী লীগের সম্মেলন এবং শি জিনপিংয়ের সফর এ দুটি বিষয় নিয়ে আমরা সবাই ব্যস্ত।’ 
 
তিনি বলেন, ‘আমরা আনন্দিত যে চীনের প্রেসিডেন্ট প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে অতিথি হিসেবে বাংলাদেশে আসছেন।’ সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, পাকিস্তান আমলে আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করা হবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছিল। আশা করি, এবারের সম্মেলনেও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।