লাইফ সাপোর্ট ছাড়াই শ্বাস নিচ্ছে খাদিজা

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৯:৫৭
সিলেটে এমসি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার ক্রমান্বয়ে উন্নতির দিকে। 
 
লাইফ সাপোর্ট ছাড়াই শ্বাস নিতে পারছে খাদিজা। বৃহস্পতিবার দুপুরে স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন এ খবর নিশ্চিত করেছেন। 
 
খাদিজাকে এখন ২৪ ঘণ্টা লাইফ সাপোর্ট ছাড়া পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসকেরা বলেছেন খাদিজার শারীরিক অবস্থা আশানুরূপ উন্নতি হচ্ছে। তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়েছে। 
 
এদিকে হামলাকারী বদরুলের ফাঁসির দাবিতে সিলেটে আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন স্থানে বদরুলের সর্বোচ্চ শাস্থির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
 
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর বিকেলে সিলেট এমসি কলেজ থেকে পরীক্ষা শেষে ফেরার সময় শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের চাপাতির কোপে গুরুতর আহত হন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস। তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বদরুল আলম।
 
ইত্তেফাক/ইউবি