আবারো নয় নম্বরে মাশরাফি

আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ২০:১৭
বোলার হিসেবে আবারো ওয়ানডে র‌্যাংকিং-এর নবম স্থানে উঠে এলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এটিই তার ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। সর্বশেষ ২০০৯ সালে ওয়ানডে র‌্যাংকিং-এ নয় নম্বরে উঠেছিলেন মাশরাফি। 
 
সদ্য আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দু’টি তিন ম্যাচের সিরিজে বল হাতে ১২ উইকেট নেন মাশরাফি। আফগানদের বিপক্ষে সিরিজে ৪টি ও ইংলিশদের বিপক্ষে ৮ উইকেট নেন তিনি। ফলে র‌্যাংকিং-এ উন্নতি হয় মাশরাফির। তার রেটিং এখন ৬২৩। ২০০৯ সালের মার্চেও র‌্যাংকিং-এ নয় নম্বরে উঠেছিলেন মাশরাফি। 
 
বৃহস্পতিবার আইসিসির সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিং-এ দেখা যাচ্ছে, বোলারদের তালিকায় ষষ্ঠ স্থানে আছেন সাকিব আল হাসান। নবম স্থানে আছেন ম্যাশ। এই তালিকায় শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। ওয়ানডে র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। তবে শীর্ষে দশ-এ বাংলাদেশের কোন ব্যাটসম্যানের জায়গা হয়নি। ৬৫০ রেটিং ১৯ নম্বরে আছেন মুশফিকুর রহিম। তবে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান। তার রেটিং ৩৯১।
 
ইত্তেফাক/এসএসএ