পুলিশ প্রধান (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, পুলিশ সদর দফতরকে বাইপাস করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করতে পারে না র্যাব। অভিযোগ করতে হলে নিয়ম অনুযায়ী আইজিপির মাধ্যমে যেতে হবে। তিনি বলেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি।
বৃহস্পতিবার পুলিশ সদর দফতরে ‘বিডি পুলিশ হেলপ লাইন’ নামে একটি মোবাইল অ্যাপস উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সম্প্রতি একটি জাতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে সাংবাদিকরা আইজিপি’র কাছে প্রশ্ন করেন।
আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণকে দ্রুত সেবা দিতে বাংলাদেশ পুলিশের একটি মোবাইল অ্যাপ চালু করেছে। আপাতত অ্যাপটি ‘গুগল প্লে স্টোরে’ পাওয়া গেলেও শিগগিরই অ্যাপলের ‘অ্যাপ স্টোরেও’ মিলবে বলে জানান পুলিশ প্রধান।
তিনি জানান, অ্যাপটি ব্যবহার করে যে কেউ অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য সরাসরি থানার ওসিকে জানাতে এবং সেবা চেয়ে অনুরোধ পাঠাতে পারবেন।
একেএম শহীদুল হক বলেন, তথ্য প্রদানকারীরা বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে একই জেলার ক্ষেত্রে সার্কেল সহকারী পুলিশ সুপার, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সদরদপ্তর এবং মহানগর পুলিশের ক্ষেত্রে জোনাল সহকারী কমিশনার, উপ-কমিশনার ও কমিশনারের কাছে পৌঁছে যাবে। ওসির কাছে কোনো তথ্য দিলে এখন ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানতে পারবেন এবং তদারককারী কর্মকর্তা কী ব্যবস্থা নিয়েছেন তাও পর্যবেক্ষণ করতে পারবেন।
অ্যাপটির আরেকটি সুবিধা হলো- এটি জনগণ ও পুলিশের মধ্যে ‘ইন্টারঅ্যাকটিভ ইন্টারফেস’ হিসেবে কাজ করবে।
তিনি আরো বলেন, সারাদেশের প্রতিটি থানার ওসি ও পরিদর্শককে (তদন্ত) স্মার্টফোন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই অ্যাপটির যথাযথ ব্যবহার তারা করতে পারেন।
অনুষ্ঠানের শুরুতে অতিরিক্ত ডিআইজি (আইসিটি এন্ড টেলিকম) ব্যারিস্টার হারুন-অর-রশিদ অ্যাপটির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি ফাতেমা বেগম, অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী এবং পুলিশ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইত্তেফাক/এমআই
