চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবিতে ২ স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। উপজেলার পার-ঘোড়াপাখিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে।
নিখোঁজ দুই ছাত্র উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর গ্রামের আনারুলের ছেলে টনিক (১৬) ও একই এলাকার বকুলের ছেলে রিংকু (১৭)।
নিখোঁজ ছাত্রদের পারিবারসূত্রে জানা গেছে, রাতে ৫ জনের একটি দল পদ্মা নদীতে মাছ ধরতে যায়। এ সময় খরস্রোতে পড়ে নৌকাটি উল্টে ডুবে যায়। এ সময় ৩ জন সাঁতরিয়ে কিনারে উঠলেও রিংকু ও টনিকের খোঁজ পাওয়া যায়নি। পরিবারসুত্রে আরো জানা গেছে,নিখোঁজ দুজন রানীহাটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ছিলো।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা মিনহাজুল ইসলাম জানান, নিখোঁজদের খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। উদ্ধার অভিযান তখনই শুরু করা হয়। কিন্তু রাত ১০টা পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, আগামীকাল সকালে আবারো উদ্ধার অভিযান শুরু হবে।
ইত্তেফাক/এএন
