চোরের হাত থেকে বাঁচতে লোকজন কত কৌশলই অবলম্বন করে। ঘরের মূল ফটকে তালা দেওয়ার পর দরজাতেও বসানো হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। আর ঘরের ভেতরে থাকা মূল্যবান জিনিসপত্র চোরের হাত থেকে রক্ষা করতে সেখানেও লাগানো হয় নামি কোম্পানির দামি তালা।
আরো অনেকের মতো যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যালিন্ডা ক্রিচটনও নিজের ছোটখাটো বাড়িটির জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলেন। দরজা-জানালা বন্ধ করে মূল ফটকে তালা দিয়ে অন্য আট দশ দিনের মতো বাইরে গিয়েছিলেন ম্যালিন্ডা। এতো কিছু করার পরও ঘরের মূল্যবান জিনিসপত্র রক্ষা করতে পারলেন না ম্যালিন্ডা ক্রিচটন। কারণ চোর যে তার পুরো বাড়িটাই চুরি করে নিয়ে গেছে।
প্রায় চল্লিশ লাখ টাকা মূল্যের ছোটখাটো বাড়িটিকে তুলে নিয়ে পালিয়েছে চোর। ৩৩ ফুট চওড়া আর আট ফুট প্রস্থের বাড়িটিকে নিয়ে যেতে চোরের খুব একটা বেগ পেতে হয়নি। বাড়ি চুরি থেকেও ম্যালিন্ডা বেশি অবাক হয়েছেন আবাসিক এলাকা থেকে এভাবে সবার অলক্ষ্যে বাড়ি চুরির ঘটনায়। বাড়ি চুরির ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দিয়েও এখন পর্যন্ত কোনো আশার বাণী শুনতে পাননি পেশায় শিল্পী ঐ নারী।-ইউপিআই
