ফিচার ফাইটার্সকে ২৯ রানে হারিয়ে ইত্তেফাক আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিলো অনলাইন এক্সপ্রেস। নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ফিচার ফাইটার্সকে ১০০ রানের লক্ষ্য দেয় অনলাইন এক্সপ্রেস। কিন্তু ১২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৭০ রানে শেষ হয় ফিচার ফাইটার্সের ইনিংস।
এর আগে টসে জিতে ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকতের নেতৃত্বে ব্যাটিং বেছে নেয় অনলাইন এক্সপ্রেস। পূর্ব পরিকল্পনা অনুসারে প্রতিপক্ষকে চাপে রাখতে শুরু থেকেও দ্রুত গতিতে রান তুলতে থাকে তারা। এ সময় নিয়মিত বিরতিতে উইকেট গেলেও মাহমুদুল ইসলাম পাভেল ও আনিস মণ্ডলের দৃঢ় ব্যাটিংয়ে ৯৯ রান করে অনলাইন এক্সপ্রেস। আউট হওয়ার আগে পাভেল করেন ২৮ রান, আনিস করেন ১৪। এদিকে ফিচার ফাইটার্সের পক্ষে প্রচুর রান দিলেও সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন রাজিব আহমেদ।
১২ ওভারে ১০০ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই বল নষ্ট করে ফিচার ফাইটার্স। ওভার প্রতি ৮.৩৩ রান করে নেয়ার কথা থাকলেও তা নিতে ব্যর্থ হয় তারা। তবে ফিচার ফাইটার্সের পক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন দলটির অধিনায়ক ও ইত্তেফাকের নির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন ও দেবব্রত ভৌমিক (দেবু)। এর মধ্যে দেবু সর্বোচ্চ ১৬ ও মুহিবুল আহসান শাওন করেন ১৩ রান।
অন্যদিকে অনলাইন এক্সপ্রেসের হিসেবী বোলিং ও ফিল্ডিং ছিল দর্শনীয়। দলের পক্ষে ৩ ওভার বল করে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে মাত্র ১০ রান দেন সৈয়দ সাব্বির আহমেদ। সুমন ২ ওভার বল করে ৭ রান দিয়ে সংগ্রহ করে নেয় ২ উইকেট। অন্যদিকে নুহু আব্দুল্লাহ ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ফলে ম্যাচে ফিচার ফাইটার্সকে ৭০ রানে আটকে রেখে ২৯ রানের জয় ছিনিয়ে নেয় অনলাইন এক্সপ্রেস।
ইত্তেফাক/আরএ/এসএস
