টিউলিপ সিদ্দিকী বাঙালিদের গর্বিত করেছেন: হাছান মাহমুদ

আপডেট : ১৪ অক্টোবর ২০১৬, ১৭:১৮
 
ব্রিটিশ পার্লামেন্টের ছায়া মন্ত্রিসভায় স্থান অর্জন করার মাধ্যমে বঙ্গবন্ধুর দৌহিত্র টিউলিপ সিদ্দিকী শুধুমাত্র বাংলাদেশিদের নয় সমগ্র বিশ্বের বাঙালিদের গর্বিত করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, যে ব্রিটিশরা একসময় আমাদের শাসন করেছে সে ব্রিটিশদের দেশেই এখন ছায়ামন্ত্রী হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি।টিউলিপ সিদ্দিকীকে তার এ অসামান্য অর্জনের জন্য সাফল্য জানাই।
 
শুক্রবার সকালে রাজধানীতে রিপোটার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ড.হাছান মাহমুদ এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক।
 
"বঙ্গবন্ধুর রক্ত বিশ্বজয় করছে"- এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু এদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন।তার কণ্যা জননেত্রী শেখ হাসিনার দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অদম্য গতিতে এগিয়ে চলছে। আর বঙ্গবন্ধুর তৃতীয় প্রজন্মরা তাদের নিজ নিজ যোগ্যতায় সমগ্র বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উঁচু করছে।