আবারও বড়পর্দায় মামুনুর রশীদ

‘চলচ্চিত্রের গোটা গল্প সবার আগে শুনি’

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১০:১৩
‘অভিনয়টাই আমার মূল পেশা-নেশা। গোটা জীবন তো অভিনয়ের জন্যই উত্সর্গ করলাম। আর চলচ্চিত্রের কাজের ক্ষেত্রে নিজের ভেতরে তাগিদটা আরো বেশি অনুভব করি। তবে শুধু আমার চরিত্র নয়, চলচ্চিত্রের গোটা গল্প সবার আগে শুনি। এরপর ঠিক করি কাজ করবো কি করবো না’-আবারও বড়পর্দায় কাজ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন দেশবরেণ্য অভিনেতা মামুনুর রশীদ।
 
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কিংবদন্তী অভিনেতা মামুনুর রশীদ নাটকে অভিনয়ের পাশাপাশি বর্তমান সময়ে চলচ্চিত্রেও বেশ সময় দিচ্ছেন। যে কারণে এই মুহূর্তে তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত বেশ কয়েকটি চলচ্চিত্র রয়েছে। তবে সেগুলো মুক্তির আগেও মামুনুর রশীদ নতুন চলচ্চিত্রে অভিনয় করছেন। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে মামুনুর রশীদ ‘মেয়েটি এখন কোথায় যাবে’ চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ইমদাদুল হক মিলনের ‘মেয়েটি এখন কোথায় যাবে’ অবলম্বনে নাদের চৌধুরী নির্মাণ করছেন নতুন চলচ্চিত্র। আর এতে মেয়েটির বাবার চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ।
 
এতে অভিনয় প্রসঙ্গে মামুনুর রশীদ বলেন, ‘চলচ্চিত্রটির গল্প এক কথায় অসাধারণ। গল্পটি পড়ে আমার খুব ভালো লেগেছে। আমার চরিত্রটি চলচ্চিত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। আমার প্রাণপণ চেষ্টা থাকবে চরিত্রটি লেখক ও পরিচালকের ইচ্ছেমতো ফুটিয়ে তুলতে। শুটিং শুরু হওয়ার পূর্ব পর্যন্ত চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুতি করছি।’
 
এদিকে মামুনুর রশীদ অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র ছিল গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’। এতে তার সহশিল্পী ছিলেন প্রসেনজিত্, কুসুম শিকদারসহ আরো অনেকে। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরপর গাজী রাকায়েতের নির্দেশনায় ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। মামুনুর রশীদ অভিনীত মুক্তি প্রতীক্ষিত চলচ্চিত্রগুলো হচ্ছে আকরাম খানের ‘খাঁচা’, আরেফিনের ‘ভুবন মাঝি’, ওয়াহিদুজ্জামান ডায়মণ্ডের ‘বাষ্পস্নান’ ও হিমেল আশরাফের ‘সুলতানা বিবিয়ানা’। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন মামুনুর রশীদ।