দারিদ্র বিমোচনে বাংলাদেশের অসাধারণ সাফল্য দেখতে রবিবার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও নিম্নমধ্য আয়ের দেশের সারিতে উঠে আসা বাংলাদেশের সাফল্য সচক্ষে দেখা ছাড়াও এবার বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস বাংলাদেশে পালন করবেন তিনি।
দুই দিনের এই সফরে ১৭ অক্টোবর বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
বাংলাদেশ সফর উপলক্ষ্যে দেয়া এক বিবৃতিতে কিম উল্লেখ করেছেন, দারিদ্র্য হার অর্ধেকে কমিয়ে আনাসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ যা থেকে বিশ্বের অন্যান্য দেশ শিক্ষা নিতে পারে। সুশাসন শক্তিশালীকরণ ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে বেসরকারি খাতের সাথে কিভাবে আরো কাজ করবে সে বিষয়ে নিজ কানে শুনতে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।
জিম ইয়ং কিম বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হবার পর ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী দারিদ্র্যের হার ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেন।
রবিবার রাতে ঢাকায় নামার পর সোমবার সকালে অর্থমন্ত্রী মুহিতের সঙ্গে বৈঠক করবেন তিনি। এর পর বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক গণ বক্তৃতায় বিশেষ অতিথির বক্তৃতা দেবেন তিনি। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পল রোমার। বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিক্সনও বক্তৃতা করবেন। সেখানে ‘এন্ড গ্লোবাল পভার্টি বাই ২০৩০: শেয়ারিং বাংলাদেশেস এক্সপেরিয়েন্স’ শীর্ষক প্যানেল আলোচনায়ও বক্তৃতা করবেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট।
মঙ্গলবার সকালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পরিদর্শনের জন্য বরিশাল যাবেন কিম। ফিরে এসে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বিকালে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা ছাড়বেন তিনি।
ইত্তেফাক/এমআই
