দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে: প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২০:১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'তার সরকার কৃষির সার্বিক উন্নয়নে কৃষিবান্ধব নীতি প্রণয়ন ও সময়োপযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।'
 
তিনি বলেন, 'বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকে সার, বীজসহ সকল কৃষি উপকরণের মূল্যহ্রাস, কৃষকদের সহজশর্তে ও স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান, ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার সুযোগসহ তাদের নগদ সহায়তা প্রদান করা হচ্ছে।'
 
আগামীকাল বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে শনিবার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য 'জলবায়ু পরিবর্তনের সাথে খাদ্য এবং কৃষিও বদলাবে' অত্যন্ত সময়োপযোগী হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অধিক খাদ্য উৎপাদনের ফলে কৃষিজমির উপর বিরূপ প্রভাব পড়ছে। তাই কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি দরকার টেকসই কৃষি পরিবেশ নিশ্চিত করা।'
 
বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে খাদ্য চাহিদাও বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'ক্রমবর্ধমান এ চাহিদা মেটাতে সারাবিশ্বেই খাদ্য উৎপাদন বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।' তার সরকার ফসল উৎপাদনের শুরু থেকে ভোক্তা পর্যন্ত খাদ্য পৌঁছে দেয়ার প্রতিটি স্তরেই আধুনিক লাগসই কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে বলেও তিনি জানান।
 
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও আগামীকাল 'বিশ্ব খাদ্য দিবস ২০১৬' পালন করা হচ্ছে জেনে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, কৃষির উপর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করে ক্ষুধা-দারিদ্রমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের 'সোনার বাংলা' গড়তে তার সরকার সক্ষম হবে। তিনি বিশ্ব 'খাদ্য দিবস ২০১৬'র সকল কর্মসূচির সাফল্য কামনা করেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস