চাটমোহরে পাউবোর জমি ও স্থাপনা অবৈধ দখলে

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ০২:৩৪
চাটমোহরে পাউবোর জমি ও স্থাপনা অবৈধ দখলদারদের কবলে রয়েছে। কিন্তু তা উদ্ধারের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
 
জানা গেছে, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের অলিপুর ঈদগাহ মাঠ থেকে বালুদিয়ার স্লুইস গেট পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ১২ বিঘা জমি ও স্লুইস গেট পাহারাদারের ঘর দখল করেছে বিভিন্ন এলাকা থেকে আসা ৪০টি পরিবার।
 
এলাকাবাসী জানান, এরা অনেক দিন আগে থেকে এই জায়গা দখল করে রেখেছে। এ ছাড়া পাউবো’র জায়গায় থাকা বড় বড় গাছ কেটে ফেলা, মাটি কেটে বিক্রি করছে এসব দখলদাররা। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তার সাথে খারাপ ব্যবহার করে দখলদাররা।
 
পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজাহার আলী জানান, পাউবোর জায়গা দীর্ঘদিন ধরে দখল হয়ে আছে। আগে অনেক গাছ-পালা ছিল। সেই গাছ-পালা কেটে অনেকেই ঘর বাড়ি করেছে।
 
এ ব্যাপারে পাউবোর কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।