বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর গুজব: এমপি মোশাররফ

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২১:৪৩

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে দলীয় কার্যালয়ে আগুন লাগেনি বলে দাবি করেছেন উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সংসদ সদস্য। তাদের দাবি, কার্যালয় থেকে কিছুটা দূরে ড্রেনের ওপর জমে থাকা খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। পরে সেই আগুনের ভিডিও ধারণ করে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে অপপ্রচার চালানো হচ্ছে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) দিনভর বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দীগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর প্রচারিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় কার্যালয় থেকে কিছুটা দূরে রাস্তার পাশে জমে থাকা ময়লার স্তূপে পরিবেশ পরিষ্কার করার উদ্দেশ্যে স্থানীয় কয়েকজন আগুন দেন। আগুনের ঘটনাটি দলীয় কার্যালয়ের সামনে দিক থেকে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পরে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা বা তৈরি করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। দিনভর বিভিন্ন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নন্দীগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবর প্রচারিত হয় তা ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হলো— রাস্তার পাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে স্থানীয়রা আগুন দিয়ে পুড়িয়েছে। ঘটনাটি দলীয় কার্যালয়ের সামনের দিকে হলেও কার্যালয়ে আগুন লাগার কোনো বিষয় নেই।

তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল প্রকৃত ঘটনা আড়াল করে ভিডিও ধারণ করে এআই প্রযুক্তির মাধ্যমে বিভ্রান্তিকরভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে। প্রকৃত ঘটনা না জেনে এ ধরনের সংবাদ প্রচার ও অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ইত্তেফাক/এপি