ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে ভারতে প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৪:০৬
 
ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে ভারতের গোয়া শহরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
 
ভারতের স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে তিনি গোয়ায় পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ভারতের রাজ্য পররাষ্ট্রমন্ত্রী এমজে আকবর, গোয়ার বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী এলিনা সালদানহা ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী। সেখান থেকে হোটেল লিলাতে যান তিনি। দুই দিনের সফরকালে এখানেই থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এর মধ্যে গোয়ার মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পার্সেকারের ভোজ সভায় অংশগ্রহণ করবেন তিনি।
 
ভোজসভা শেষে বিমসটেকের নেতাদের সঙ্গে বিকেলে দেখা করবেন তিনি। এ ছাড়াও বিমসটেক ও ব্রিকস সভায়ও অংশ নেবেন তিনি।
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সাক্ষাৎকারের জন্য নির্ধারিত সময় রাত ৯টা। এ সময় দ্বি-পাক্ষিক যাবতীয় বিষয়ে আলোচনা করবেন তারা।
 
ব্রিকসের অষ্টম সামিটে যোগ দিতে গোয়ায় এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল তেমের, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
 
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সামিটে যোগ দিতে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী তেশরিং তোবগে, মিয়ানমারের রাষ্ট্র পরামর্শক অং সাং সুচি, নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল. থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পারিয়ুত চ্যান ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইত্রিপালা শ্রীসেনা।
 
ইত্তেফাক/কেকে/আরএ