একদিনের ক্রিকেটে বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য এখন তাসকিন আহমেদ। বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা তরুণ এই পেসার এখন দারুণ ছন্দে আছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দলে রাখা হয়েছিল দ্রুত গতির এই পেসারকে। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে তার টেস্ট অভিষেকের গুঞ্জনও উঠেছিল। তবে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন স্বয়ং বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে।
শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তাসকিনকে টেস্টে খেলানোর বিষয়ে হাতুরুসিংহে বললেন, ‘সে (তাসকিন) কি কোনো চারদিনের ম্যাচ খেলেছে? আপনারা কি মনে করছেন সে এসেই সরাসরি জাদু দেখাবে? না। ওরাতো মানুষ। জীবনে কখনো চারদিনের ম্যাচ না খেললে কাজটা কঠিন। মাঠে চারদিন দাঁড়িয়ে থাকা, দিনে ১৫ ওভার বোলিং করার মত ব্যাপারগুলো ওর পুরোপুরি নতুন। আমি কারো ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।’
নিকট ভবিষ্যতে অনেক সিরিজ রয়েছে বলে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। কোচের এমন সাফ কথার পর ইংল্যান্ডের বিপক্ষে তাসকিনের টেস্ট অভিষেক হচ্ছে না, সেটা নিশ্চিত বলে দেয়া যায়।
২০১১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ২১ বছর বয়সী এই ডানহাতি পেসারের। তারপর এ পর্যন্ত লংগার ভার্সনে ১০টি ম্যাচ খেলেছেন তিনি। এই ফরম্যাটে সবশেষ ম্যাচটি খেলেছিলেন তিনি ২০১৩ সালের ফেব্রুয়ারিতে বিসিএলে ওয়ালটন মধ্যাঞ্চলের হয়ে।
ইত্তেফাক/এমএইচ
