ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির হাতছানি মজিদের

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ১৬:৩০
ইংল্যান্ডের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে খেলতে নেমে সেঞ্চুরির কাছাকাছি পৌছে গেছেন ওপেনার আব্দুল মজিদ। ৯২ রানে অপরাজিত রয়েছেন তিনি। তবে আউট না হলেও আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে প্রথম শ্রেণীর ক্রিকেটে ছয়টি সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যানের।
 
তার ১২০ বলের ইনিংসটিতে ছিল ১৪টি চার ও একটি ছক্কা। তার ৯২ ও নাজমুল হোসেন শান্তর ৭২ রানের উপর ভর করে ৬২ ওভারে ২৫৩ রান করেছে বিসিবি একাদশ। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত করেছেন ৪৭ রান। নুরুল হোসেন অপরাজিত রয়েছেন ২৪ রানে। এছাড়া দুই অঙ্ক পৌঁছাতে পারেনি কোনো ব্যাটসম্যান।
 
এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিসিবি একাদশ। অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করার জন্যই যেন শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন আব্দুল মজিদ। ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট নেন আনসারি।
 
ইত্তেফাক/এমএইচ