ওয়ালিদ হাসানের রচনা ও পরিচালনায় ‘অন্ধকারের অন্তরালে’ নামের নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন মডেল ও অভিনেত্রী এ্যানি খান। বৈশাখী টেলিভিশনের জন্য নির্মিত এই নাটকে কাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ্যানি খানের সঙ্গে সহশিল্পী হিসেবে শ্যুটিংয়ে অংশ নেবেন সোহান খান।
রবিবার ইত্তেফাক অনলাইনকে এসব কথা জানান এ্যানি খান। ধারাবাহিকটিতে আরো অভিনয় করছেন নিলয়, রুনা খান, রিক্তা, আরুনা বিশ্বাস, শহিদুজ্জামান সেলিম প্রমুখ।
এদিকে চিত্রনায়ক শাকিব খানের বাড়িতে সম্প্রতি একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলেন এ্যানি খান। রাজধানীর অদূরে পুবাইলে শাকিব খানের বাড়িতে একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে ধারাবাহিক নাটকে বেশ ব্যস্ত সময় পার করছেন এ্যানি।
তার অভিনীত ধারাবাহিক ‘পরম্পরা’ এসএটিভিতে, ‘আগুন আল্পনা’ চ্যানেল নাইনে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। তার অভিনীত নতুন ধারাবাহিকের মধ্যে রয়েছে ‘জলে ভেজা রং’ ও ‘ফুলকি’। দুটি ধারাবাহিক নাটকেই তিনি বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
ইত্তেফাক/এমএইচ
