নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় স্থল বন্দরগুলোতে প্রয়োজনীয় অগ্নি নির্বাপক যন্ত্রপাতি রাখার ব্যবস্থা করতে স্থল বন্দর কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়েছে।
রবিবার কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় হয়।
কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মোঃ আব্দুল হাই, এম আব্দুল লতিফ, রণজিৎ কুমার রায়, মোঃ আনোয়ারুল আজীম (আনার) এবং মমতাজ বেগম এডভোকেট সভায় অংশগ্রহণ করেন।
সভায় অতিসম্প্রতি বেনাপোল স্থল বন্দরের অগ্নিকাণ্ডসহ বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের কার্যক্রম এবং নৌ-পরিবহন অধিদপ্তর এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উল্লেখ করা হয় যে, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আওতাধীন বিভিন্ন স্থলবন্দরের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য পর্যায়ক্রমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের মালিকানাধীন সর্বমোট জমির পরিমাণ ২৬১ দশমিক ৭৩৭২ একর এবং ঘোষিত স্থলবন্দরের সংখ্যা ২৩টি।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন সকল বন্দরগুলোতে অটো ফায়ার এক্সটিং গুইশার (অগ্নি নির্বাপক যন্ত্র) স্থাপনের এবং ঝিনাইদহ স্থল বন্দর দ্রুত চালু করতে সুপারিশ করে কমিটি।
সভায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
