সংসদ সদস্য আমানুরের জামিন নামঞ্জুর

আপডেট : ১৬ অক্টোবর ২০১৬, ২১:০৬
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি সংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর করেছেন আদালত।
 
রবিবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন। এ নিয়ে তিনবার এমপি রানার জামিন আবেদন নামঞ্জুর করা হলো।
 
গত বৃহস্পতিবার একই আদালতে রানার পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত রবিবার এ আবেদনের শুনানির দিন ধার্য করেন।
 
রানার আইনজীবীরা বলেন, 'রানা জাতীয় সংসদের একজন সম্মানিত সদস্য। তিনি জামিন পেলে কোন অবস্থাতেই পালিয়ে যাবেন না। রাষ্ট্র ও বাদীপক্ষের আইনজীবীরা এ জামিন আবেদনের বিরোধিতা করেন।
 
এমপি রানা গত ১৮ সেপ্টেম্বর এ আদালতেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন।
 
এদিকে গত ৯ অক্টোবর হাইকোর্টে বিচারপতি আবু জাফর সিদ্দিকীর আদালতে এমপি রানার জামিন আবেদন করা হয়। আদালত আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।
 
২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইলে কলেজ পাড়া এলাকায় তার বাসার সামনে পাওয়া যায়।
 
এ ব্যাপারে তার স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়। 
 
২০১৪ সালের আগস্টে এই মামলার আসামি আনিসুল ইসলাম ওরফে রাজা ও মোহাম্মদ আলীকে গ্রেফতার করে পুলিশ। আদালতে তাদের স্বীকারোক্তিতে ফারুক আহমেদের হত্যাকাণ্ডে এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইয়ের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়। এরপর থেকে এমপি ও তার তিন ভাই আত্মগোপনে চলে যান।
 
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি রানা, তার তিন ভাই কাকণ, মুক্তি, বাপ্পাসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। গত ৬ এপ্রিল আদালত মামলার অভিযোগপত্র গ্রহণ করে। -বাসস।
 
ইত্তেফাক/এসএস