স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, 'নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আরো সম্পৃক্ত করতে হবে।'
তিনি নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের লক্ষে তাদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
স্পিকার রবিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত নবম দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় স্পিকার বলেন, 'সিপিডি দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের একটি প্রক্রিয়া। এ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশসমূহে বাজার অর্থনীতি সচল, অর্থনৈতিক সংকট নিরসন, সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা, উদ্ভাবনী নীতিমালা গ্রহণ, বহুমুখী সুবিধা প্রণয়ন এবং শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এ অঞ্চলের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।'
অর্থনৈতিক মন্দা সমাজে নানা বৈষম্য সৃষ্টি করে উল্লেখ করে স্পিকার বলেন, 'সেকারণে অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করতে হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে যুব সমাজ ও কর্মক্ষম জনশক্তিকে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২০৩০ সালের মধ্যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে একসাথে কাজ করতে হবে।'
সিপিডি এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি, সিপিডি এক্সিকিউটিভ ডাইরেক্টর অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রিসার্স ডাইরেক্টর ড. ফাহমিদা খাতুন এবং সাউথ এশিয়া ওয়াচ ট্রেড, নেপালের সভাপতি ড. পশ রাজ পান্ডে বক্তৃতা করেন। -বাসস।
ইত্তেফাক/এসএস
