রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজনের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. খুরশীদ আলম মামলাটি খারিজ করে দেন।
এর আগে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত। মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর, উপ-পরিদর্শক (এসআই) মো. নাজীব, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খোরশেদ, মো. মামুন হোসেন ও মো. সোহেলকে এ মামলায় আসামি করা হয়।মোহাম্মাদপুর থানার ৩৩৯/এ জাফরাবাদ এলাকার বাসিন্দা এডভোকেট কুতুব উদ্দিন আহমেদ বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় অভিযোগে বলা হয়, উত্তরাধিকার সূত্রে মোহাম্মদপুর থানার জাফরাবাদ এলাকার ৩৩৯/এ নম্বরের আটতলা বাড়ির মালিক বাদী এডভোকেট কুতুব উদ্দিন আহমেদ। ওই বাড়ির আগের মালিক ছিলেন তাঁর মা জোবেদা আহমেদ। জোবেদা আহমেদ দখলে থাকা অবস্থায় ২০০৮ সালের ৮ মার্চ কুতুব উদ্দিন আহমেদের নামে হেবা দলিল করে দেন। পরে সংস্কার কাজের জন্য কিছুদিন আগে তিনি ওই বাড়ি ছেড়ে অন্য একটি বাড়ি ভাড়া নেন।
সংস্কার কাজ শেষে তিনি গত ৯ অক্টোবর নিজের বাড়িতে উঠতে গেলে আসামি মামুন ও সোহেল তাকে বাধা দেন। এসময় তারা নিজেদের মোহাম্মদপুর থানার লোক পরিচয় দিয়ে বলেন, 'ওসির সঙ্গে কথা না বললে বাসায় ঢুকতে দেওয়া সম্ভব নয়। এরপর বাদী মোহাম্মদপুর থানার ওসিকে ফোনে বিষয়টি অবহিত করেন। এরমধ্যে এসআই রাজীব ও খোরশেদ ঘটনাস্থলে আসেন।' এরপর মোহাম্মদপুর থানার ওসি ও দুই পুলিশ কর্মকর্তা তাকে ডেকে নিয়ে তার কাছে ৪৫ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। -বাসস।
ইত্তেফাক/এসএস
